বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ অভিযুক্ত ছেলে পলাতক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।নিহত আফসার শেখ (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তার ছেলে খায়রুল শেখ (২৫) পলাতক । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও খায়রুলের স্ত্রী জুঁই খানমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন। টাকা না পেলে বাবাকে মারধর, বাড়ির আসবাবপত্র ভাঙচুর এমনকি চুরির ঘটনাও ঘটাতেন। তার অত্যাচারে একপর্যায়ে স্ত্রী জুঁই বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন খায়রুল।

এ সময় তার বাবা আফসার শেখ বাড়ির পাশের বাজারে ছিলেন। একপর্যায়ে খায়রুল বাড়ির অন্য সদস্যদের কাছে বটি খুঁজতে থাকেন। পরে বাবা বাড়িতে ফিরলে ধারালো বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যান খায়রুল।নিহতের বড় ছেলের স্ত্রী রিমা খানম জানান, ঘটনার আগে খায়রুল তার কাছে এসে বলেন, 'ভাবি, দাও কই?'

তখন তিনি জানান, দা তার স্বামী নিয়ে গেছেন। খায়রুল দা দিয়ে ডাব কাটার কথা বলেছিলেন। এরপর তিনি তার শাশুড়ির খোঁজ করেন। কিছুক্ষণ পর শ্বশুরের কাশির শব্দ শুনে পেছনে তাকাতেই তাকে কোপাতে দেখেন। রিমার দাবি, প্রায় এক বছর ধরে মাদকের টাকার জন্য শ্বশুরকে নিয়মিত মারধর করতেন খায়রুল।

ঘটনার পর থেকে অভিযুক্ত খায়রুল আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফসার শেখের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।