মাদকের প্রতিবাদ করায় পুলিশের রগ কেটে দেওয়ার অভিযোগ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ (এপিবিএন) ব্যাটালিয়নের সদস্য। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন পুলিশ সদস্য আবুল কালাম। এরই সূত্র ধরে স্থানীয় মাদক বিক্রেতা শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন। এই ঘটনার পর থেকেই মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
