ধোবাউড়ায় ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ৩৬ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জহিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় বস্তাভর্তি ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয় আটক জহিরুল ইসলাম ত্রিশাল থানার বইলর বাসকুরি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।