কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডায় কৃষিকৃষ্টি নিয়ে আলোচনা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় 'চর্চা সাহিত্য আড্ডা'র ৫২৭তম সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়। এবারের আলোচনার বিষয় ছিল 'গ্রামবাংলার কৃষিকৃষ্টি ও মনের খোরাক'। সংগঠনের উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন লেখক ও পরিবেশকর্মী আবুল কালাম আল আজাদ, গবেষক ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান এবং কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহ্ মোহাম্মদ আবু হারেছ। বক্তব্য দেন আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমির সিনিয়র শিক্ষক অনুকুল চন্দ্র সরকার।আলোচনায় মো. অহিদুর রহমান বলেন, কৃষির সঙ্গে গ্রামীণ ও লোকসংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি থাকলেও কৃষি সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে কৃষি সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো জরুরি। এর মাধ্যমে তারা নিজেদের শেকড়ের সঙ্গে সম্পর্ক খুঁজে পাবে। আবুল কালাম আল আজাদ বলেন, বাংলাদেশের জনজীবন, জীবিকা ও সাহিত্য-সংস্কৃতি কৃষিনির্ভর। নদী, হাওর, বিল ও জলাধার এ অঞ্চলের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। কৃষিকৃষ্টির বিভিন্ন শৃঙ্খলা নষ্ট হওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

আসরটিতে স্বরচিত কবিতা পাঠ করেন যুগল দাস, মাহবুবা খান দীপান্বিতা, মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূইয়া, শেখ মো. মিজানুর রহমান, রাকিবুল হাসান ও হোসেন আরমান। বাউল শিল্পী আলেয়া সরকার ও হৃদয় হাসান গান পরিবেশন করেন। অনুষ্ঠানে লোকসংগীত শিল্পী জহুরুল আলম ভূইয়া স্বপন, লেখক ও সাংবাদিক মামুনুর রশিদ মামুন, কবি ও সাংবাদিক আবুল কাশেম আকন্দ, কবি জহিরুল হক খানসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।