বরগুনায় নদী থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি
বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর আট বছর বয়সী শিশু ইহানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল রোববার সকালে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নলটোনা গ্রাম সংলগ্ন বিষখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।নিহত ইহান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার বাসিন্দা মো: নজির হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীরে বেড়াতে যায় নিহান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।
