হালুয়াঘাটে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে 'কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৬'-এর ১ম ধাপের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর আনসার ব্যাটালিয়নের (নালিতাবাড়ী) পরিচালক রোকসানা বেগম, বিভিএমএস।
প্রধান অতিথির বক্তব্যে রোকসানা বেগম বলেন, "আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দেশপ্রেম ও স্বেচ্ছাসেবী মনোভাব জাগ্রত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" তিনি প্রশিক্ষণার্থীদের অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে এই প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ধর।
হালুয়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো: নাজমুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশিক্ষক রাজীব আহমেদ ও উপজেলা প্রশিক্ষিকা তাসলিমা আক্তার লিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যএবং প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
