পাহাড় কাটা ও অপরিকল্পিত নগরায়নে ক্ষতবিক্ষত চট্টগ্রাম

সিডিএ চেয়ারম্যান

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম শহরে ব্যাপকভাবে পাহাড়নিধন হয়েছে। একই সাথে বিভিন্ন অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়নের কারণে ক্ষতবিক্ষত হয়েছে চট্টগ্রাম।

গতকাল নগরীর বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, 'এক সময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে এখানে ব্যাপকভাবে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের উপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।'

নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, 'কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। নগরীর অনেক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়নি।' চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় সিডিএ'র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি। সিডিএ চেয়ারম্যান বলেন, 'পতিত ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গুম, আয়নাঘর, হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো হত্যাকাণ্ডের জবাব তাকে দিতে হবে।' এর আগে বাকলিয়া এক্সেস রোডে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।