লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩ সাংবাদিকসহ আহত ১৫

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গতকাল সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ থানার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— বাবুল (৬৫), পিতা নুর মোহাম্মদ, চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা; মানছুরা বেগম (৫০), স্বামী ছিদ্দিকুল রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজার এলাকার বাসিন্দা এবং আশিক (২৫), পিতা আশরাফ উদ্দিন, রামগতি উপজেলার চরসিতা জমিদারহাট এলাকার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাংবাদিক দৈনিক মুক্তির লড়াইয়ের বেগমগঞ্জ প্রতিনিধি পলাশ উদ্দিন জানান, তিনি চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী বাসটিতে ছিলেন। তাঁর অভিযোগ, চৌমুহনী-লক্ষ্মীপুর চার লেন সড়কের নির্মাণকাজ চলায় বিভিন্ন স্থানে রাস্তার অবস্থা বেহাল। সড়কে খানাখন্দও রয়েছে। এর মধ্যে বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

চরচামিতা এলাকায় দ্রুতগতিতে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।

পলাশ উদ্দিন বলেন, তাঁর পাশের আসনেই একজন মারা যান। এ সময় জানালার রডের ভেতরে তাঁর হাত আটকে যায়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। দুর্ঘটনায় তাঁর হাতের কনুই ভেঙে গেছে।

আহত যাত্রী আব্দুর রহমান জানান, তিনি স্ত্রী সাজেদা বেগমকে সঙ্গে নিয়ে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক গতি কমাননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, নিহত তিনজনকে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এর আর হাফিজ উল্যা নিহত ও আহত ব্যক্তিদের খোঁজখবর নেন।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনার জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের অব্যবস্থাপনাকে দায়ী করেন। জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার এবং চৌমুহনী-লক্ষ্মীপুর চার লেন সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানান তিনি। পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

সড়কের বেহাল অবস্থা ও চালকের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।