ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে আট যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচয় হওয়া এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসে ওই কিশোরী। বন্ধুর আসতে দেরি হওয়ায় সে শহরতলির ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। এ সময় নদীর পাড়ে কাশবনের কাছে অপেক্ষমাণ কিশোরীকে আট যুবক দলবদ্ধভাবে ধর্ষণ করে। পাশাপাশি তারা ঘটনার ভিডিও ধারণ করে এবং পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার প্রায় আট মাস পর ভিডিওটি পুলিশের নজরে আসে। ২০২০ সালের ৫ আগস্ট ভুক্তভোগীর অনুপস্থিতিতে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে প্রথমে শাহীন নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে অন্য সাতজনকেও গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনে। পরবর্তী সময়ে আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত পোশাকের বিষয়টিও প্রমাণিত হয়। তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে সমাজে বার্তা গেল, এ ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
