ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে ফ্যান ভেঙে দুই শিক্ষার্থী আহত

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হরিরামপুর প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল।

এ ঘটনায় দিয়াবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা এবং একই শ্রেণির ছাত্র অর্ক। এর মধ্যে আমির হামজা গুরুতর আহত হওয়ায় তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অর্ক সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান , সোমবার সাড়ে এগারোটার দিকে ক্লাস চলমান অবস্থায় ওপর থেকে ফ্যান ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে। এ সময় চলন্ত ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজার নাকে এবং চোখে আঘাত লেগে গুরুতর আহত হয়। আরেক শিক্ষার্থী অর্কের আঘাতের পরিমাণটা কম হয় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, আমাদের বিদ্যালয়ের টিন সেটের ঘরটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙ্গে গেছে। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। এর আগে কোনরকমে একটু মেরামত হলেও তা তেমন কোনো কাজে আসেনি। ঝুঁকি নিয়েই আমাদের এই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসের জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে তোলা প্রয়োজন।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত (সহকারী) প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, অনাকাঙ্ক্ষিতভাবে আজ দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ফ্যান ভেঙে নিচে পড়ে। এ সময় ফ্যানের পাখার আঘাতে আমাদের দুজন ছাত্র আহত হয়। আমাদের এই ভবনটা জরাজীর্ণ দীর্ঘদিনের। আমরা বিগত প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটা আবেদন দিয়েছি এই ভবনটি মেরামতের জন্য। আমাদের এই ভবনটি অতি দ্রুত মেরামত করা প্রয়োজন। তা না হলে আবার যেকোনো সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আজকের বিষয়টিও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, এর আগে দুইবার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট আসলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে সে টাকাটা আবার ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য একটা আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। জায়গাটা প্রাইমারি এবং হাই স্কুলের যৌথ। এখানে তিনটা রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য ব্যবহার করার কথা ছিল। কিন্তু সেটা হাই স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করতে দিচ্ছেন না। আমরা এ বিষয়টা নিয়ে বসে ওই ভবনে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে, আমরা সেদিকে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।