চরম ভোগান্তিতে ১৭ গ্রামের মানুষ
ভূমি অফিস নেই যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে স্বাধীনতার পর থেকে ভূমি অফিস নেই। ভূমি সংক্রান্ত সেবা নিতে ইউনিয়নের মানুষকে তাই ছুটতে হয় প্রায় ১০ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়নে। নিজ এলাকায় ভূমি অফিস স্থাপিত না হওয়ায় মৌলিক নাগরিক সেবা থেকে অর্ধ শতাব্দি ধরে বঞ্চিত রায়পুরের মানুষ। ৪নং নারিকেলবাড়িয়া ইউনিয়নে গিয়ে ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সময় ও অর্থ অপচয়ের শিকার হচ্ছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী। দীর্ঘদিনের এই বঞ্চনা ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে রায়পুর ইউনিয়নে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রায়পুর ইউনিয়নে ১৭টি গ্রাম রয়েছে। ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২২ হাজার। মৌজা রয়েছে ১৫টি। আয়তন ৪৬ দশমিক ৬২ বর্গ কিলোমিটার। ভূমি অফিসের অভাবে নানা রকম হয়রানি ও জটিলতায় ভুগছেন ইউনিয়নবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষকে নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ান তোলাসহ জমি-জমা সংক্রান্ত যেকোনো কাজের জন্য দূরবর্তী নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করতে হয়। যাতায়াত ব্যবস্থা ও দূরত্বের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে এসে অনেক সময় একদিনে কাজ না হওয়ায় বারবার যাতায়াত করতে গিয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত যাতায়াত ভাড়া। এই অবস্থায় সুযোগ নিচ্ছেন এক শ্রেণির দালাল চক্র। তারা ভূমি মালিকদের সেবা প্রদানের কথা বলে অতিরিক্তি অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, ডিজিটাল বাংলাদেশে যখন ঘরে বসে সেবা পাওয়ার কথা, তখন একটি ইউনিয়ন ভূমি অফিসের অভাবে রায়পুর ইউনিয়নের ১৭টি গ্রামের হাজার হাজার মানুষকে বছরের পর বছর এই ভোগান্তি বয়ে বেড়াতে হচ্ছে। সেবাগ্রহীতাদের দাবি, জনগণের দুর্ভোগ লাঘবে এবং দ্রুত ভূমি সেবা নিশ্চিত করতে রায়পুর ইউনিয়নেই অবিলম্বে একটি আধুনিক ও স্থায়ী ইউনিয়ন ভূমি অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি।
রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা মাওলানা আবু বকর বলেন, ইউনিয়ন ভূমি অফিস না থাকায় আমাদের যেতে হয় নারিকেলবাড়িয়ায়। সেখানে ভূমি সংক্রান্ত কাজে গিয়ে হয়রানির শিকার হতে হয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি কাজে গিয়ে চার মাস পর সেই কাজের রিপোর্ট গেছে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসে। এখনো উপজেলা ভূমি অফিস থেকে আমার ভূমি সার্ভে করতে আসেনি। ইউনিয়নে ভূমি অফিস থাকলে আমরা আরও দ্রুত সমস্যার সমাধান পেতাম।
রায়পুর গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান শাহিন বলেন, ইউনিয়ন ভূমি অফিস না থাকায় আমাদের অতিরিক্ত অর্থ খরচ করে যাতায়াত করতে হয় নারিকেলবাড়িয়ায়। সেখানে একজন মানুষের পুরো দিন কেটে যায় কাজে গিয়ে। অনেক সময় ভিড়ের কারণে সমস্যার সমাধান না করেই ফিরে আসতে হয়। এলাকাবাসীর প্রাণের দাবি রায়পুরে অবিলম্বে ভূমি অফিস স্থাপন করা হোক। আমরা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রায়পুর গ্রামের আহসানুল হক অপু ও জাহাঙ্গীর হোসেন টুকুও ভূমি অফিস না থাকায় তাদের ভোগান্তির কথা জানান। দুরে হওয়ায় মানুষকে ভূমির নামপত্তন, খাজনা, পর্চা সংক্রান্ত জটিলতা নিরসনে বেগ পেতে হয়। ফলে জমি বেচাকেনাও জটিলতায় পড়তে হচ্ছে। ভূমি অফিস এলাকায় হলে খুবই উপকার হতো বলে মন্তব্য করেন তারা। তারা বলেন, এই দাবির স্বপক্ষে জনমত গঠনে রায়পুর বাজারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর হোসেন টুকু।
রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আজিজুল হক বলেন, জানা মতে প্রতিটি ইউনিয়নে ভূমি অফিস আছে। রায়পুরেও থাকার কথা। কিন্তু কেনো নেই তার কারণ আমার জানা নেই। যেহেতু বিষয়টি উপজেলা ভূমি অফিসের ব্যাপার, আমি সেখানে যোগাযোগ করে বলতে পারবো।
বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে ভূমি অফিস রয়েছে ৬টি। রায়পুরে আলাদা ভূমি অফিস নেই। এই ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কিনা এমন তথ্য আমার জানা নেই।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, রায়পুর বাঘারপাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। জনসংখ্যাও বেশি। এই ইউনিয়নে কোনো ভূমি অফিস না থাকায় হাজার হাজার মানুষকে নারিকেলবাড়িয়া ভূমি অফিসে যেতে হয়। আমি বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে কথা বলবো। ডিও লেটার দিয়ে যাতে দ্রুত ভূমি অফিস স্থাপন যায় তার ব্যবস্থা করবো।
