১১০ বছরে কারমাইকেল কলেজ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ ১১০ বছরে পদার্পণ করেছে। গতকাল মঙ্গলবার সকালে প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজ মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে, সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. জালাল উদ্দিন আকবর, কাকসুর সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মণ্ডল।
শিক্ষার আলো ছড়িয়ে যোগ্য নেতৃত্ব ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ গড়ার কারখানা হিসেবে খ্যাত শতবর্ষী এই বিদ্যাপীঠে আজ উৎসবের আমেজ বইছে। শিক্ষাঙ্গনে নবীন-প্রবীণ শিক্ষক আর শিক্ষার্থীদের উপস্থিতিতে অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আলোকসজ্জায় ঝলমল করছে ঐতিহ্যবাহী ভবনগুলো। পরিচ্ছন্নতার নবরূপে সেজেছে পুরো প্রাঙ্গণ। বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্থানি শোষণ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কারমাইকেল কলেজ এক জীবন্ত সাক্ষী। এই প্রতিষ্ঠানের শতবছরের গৌরব ও অর্জন অনন্য। তিনি জানান, নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়েছে পুরো ক্যাম্পাস।
উল্লেখ্য ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। ১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে ক্লাস পরিচালিত হয়। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় মূল ভবনের। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কারমাইকেল কলেজে বর্তমানে ২১টি বিভাগে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
