শীতকালীন সবজির ফলনে খুশি কৃষক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা)

ভোরের প্রথম আলো যখন কুমিল্লার ওপর দিয়ে বয়ে চলা খরস্রোতা গোমতী নদীর চরে পড়ে, তখন চারপাশটা এক অপূর্ব সবুজ চাদরে ঢাকা পড়ে যায়। কুয়াশাচ্ছন্ন সকালে কৃষকদের ক্ষেতে ব্যস্ত সময় কাটানো, কচি পাতার ডগায় জমে থাকা শিশিরবিন্দু আর গোমতীর পলিমাটি ভেদ করে বেরিয়ে আসা নানা রঙের সবজির সমারোহ, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কুমিল্লার গোমতির চর ও আশপাশের এলাকার সবজি চাষ দেশবাসীর নজর কেড়েছে। বুড়িচং, চান্দিনা, বরুড়া ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, নদীচরের উর্বর পলিমাটিতে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। কঠোর পরিশ্রম আর আধুনিক কৃষিভাবনার ছোঁয়ায় এখানকার কৃষকেরা এখন শুধু নিজেদের পরিবারের চাহিদা মেটাচ্ছেন না, বরং জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সবজি চাষে কুমিল্লার কৃষি ক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটে গেছে। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কৃষিনীতি এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখানকার কৃষির চিত্র আজ সম্পূর্ণ বদলে গেছে। একসময়ের সাধারণ চাষাবাদ আজ রূপ নিয়েছে লাভজনক ও বাণিজ্যিক উদ্যোগে। গোমতী নদীর চরে বছরের বারো মাসই শাকসবজি উৎপাদিত হলেও শীতের মৌসুমে এর পরিধি ও বৈচিত্র্য বহুগুণ বেড়ে যায়। অন্যান্য বছর এ সময়ে আগাম শীতকালীন শাকসবজিতে জমিগুলো ভরে উঠলেও, এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশ ব্যতিক্রম ও সমৃদ্ধ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উৎপাদিত পণ্যের সঠিক পরিচর্যা করায় এবার সবজির ফলন ও উৎপাদন দুটোই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়ছে কৃষকের অর্থনৈতিক সচ্ছলতায়। চলতি মৌসুমে চান্দিনা, বুড়িচং, বরুড়া ও দাউদকান্দির বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয়েছে হরেক রকমের শীতকালীন শাকসবজি। ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, শিম, বেগুন, পটোল, মুলা, আলু, টমেটো, পালংশাকসহ বিভিন্ন কাঁচা তরিতরকারিতে ভরে আছে চারপাশ। বিশেষ করে শীতল আবহাওয়ায় এসব সবজির বৃদ্ধি সবচেয়ে ভালো হয়।
কম সময়ে অধিক লাভবান হওয়ার সুযোগ থাকায় কৃষকেরাও দিন দিন শাকসবজি চাষে বেশি ঝুঁকছেন। গোমতীপাড়ের এই কৃষকেরা শুধু উৎপাদনেই সীমাবদ্ধ নন; বুড়িচং এলাকার অনেক চাষি নিজেদের বীজ থেকে চারা উৎপাদন করে তা দিয়ে যেমন নিজেরা চাষাবাদ করেন, তেমনি জেলার অন্যান্য এলাকার চাষিদের কাছেও সেই মানসম্মত চারা সরবরাহ করে থাকেন। এককথায়, কুমিল্লা আজ দেশের অন্যতম একটি প্রধান ও স্বাবলম্বী সবজি উৎপাদনের জনপদে পরিণত হয়েছে। এবারের সফলতার পেছনে রয়েছে অনুকূল আবহাওয়া ও স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। চান্দিনার মেহার গ্রামের সফল সবজি চাষি বিল্লাল হোসেনের সাথে কথা হলে তিনি তাঁর সাফল্যের গল্প শোনান। নিজের মালিকানাধীন জমি না থাকলেও তিনি এ বছর ৩০ শতাংশ জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন।
মাশাআল্লাহ, তার ফলন যেমন চমৎকার হয়েছে, তেমনি বাজারদরও বেশ ভালো পাওয়ায় মুখে হাসি ফুটেছে। একই এলাকার আরেক কৃষক আনোয়ার হোসেন ৩০ শতাংশ জমিতে চাষ করেছেন কালো বেগুন। ফলন ভালো হওয়ার পাশাপাশি পাইকারি বাজারে সেই বেগুন ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছেন তিনি। আনোয়ার জানান, তিনি ধারাবাহিকভাবে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সবজি চাষ করে থাকেন এবং এতে তাঁর যথেষ্ট লাভ হয়। শুধু বিল্লাল বা আনোয়ার একা নন, চান্দিনার ছায়কোট, শ্রীমন্তপুর, চান্দিয়ারা, দোবাড়িয়া, মেহার, মাধারপুর, আলীকামোড়া ও পিহরের মতো গ্রামগুলোতে যেদিকেই চোখ যায়, সেদিকেই সবুজ আর সবুজের সমারোহ চোখে পড়ে। কৃষকদের এই সাফল্যের পেছনে স্থানীয় কৃষি বিভাগের ভূমিকাও কম নয়। চান্দিনার কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের নানা পরামর্শ, আধুনিক চাষাবাদের কলাকৌশল এবং সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের উন্নয়ন ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থার কারণে কৃষকেরা এখন খুব সহজেই তাঁদের উৎপাদিত টাটকা শাকসবজি স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতে পারছেন। শিম, লাউ, পটোল ও বেগুন বর্তমানে কৃষকদের কাছে সবচেয়ে লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। এগুলোর পাশাপাশি মিষ্টি কুমড়া, কচু ও আলুর চাষেও কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।
তবে সবকিছুর পরেও কিছু চ্যালেঞ্জ থেকে যায়। প্রায়ই সার, বীজ ও কীটনাশকের মতো আনুষঙ্গিক কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের কিছুটা হোঁচট খেতে হয়। কৃষকদের মতে, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য যদি সঠিকভাবে নিশ্চিত করা যায়, তবে তাঁরা আরও বেশি জমিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠবেন এবং দেশের কৃষি খাত আরও বহুগুণ সমৃদ্ধ হবে। বর্তমান বাজারদর ও গোমতীচরের বাম্পার ফলন প্রমাণ করে যে, যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে এ দেশের কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারেন। গোমতী নদীর পলিমাটি আর কুমিল্লার কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রমের এই মিতালী আগামী দিনে আরও বড় কোনো অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দেবে, এমনটাই প্রত্যাশা দেশের সচেতন মহলের।
