কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। গতকাল সোমবার রাত ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকে গ্রেপ্তার করে প্রথমে ইবি থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হলেও তাকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন ও তার মাকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে তাঁদের বাড়িতে কাউকে দেখা যায়নি বলে দাবি প্রতিবেশীদের। এদিকে ঘটনার পর শহরে কিশোর অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় জাকিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার গেট খোলার অপেক্ষায় প্রবেশপথে দাঁড়িয়ে থাকার সময় পেছন দিক থেকে কালো শার্ট পরা এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ছুরিটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জাকিয়ার মা সুমি আক্তারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ থাকলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালানো হয়। সুমি আক্তারের দাবি, হত্যার উদ্দেশ্যেই ইমন ছুরি দিয়ে আঘাত করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেনও জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলের ভবনের একাধিক সিসিটিভি ফুটেজে ছুরিকাঘাতকারী কিশোরকে শনাক্ত করে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।