মাদ্রাসা সুপারকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে মাদ্রাসা সুপারকে মারধর করে নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের উত্তরপাড়া মুগলী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাওলানা আবু সাঈম সরকার (৫৫) দেবিদ্বার উপজেলার গোপালনগর এলাকার বাসিন্দা। তিনি মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ডের সভাপতি। ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার দেবিদ্বার থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাদের ছেলে ইমামিন সরকারকে বিদেশে পাঠানোর জন্য তার স্বামী বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন।
ঘটনার দিন সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাকে অনুসরণ করে। পরে গোপালনগর উত্তরপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন মিলে তার স্বামীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে আবুল বাসার, আমজাদ, ফাহিম , মাহিন , জামাল , সাইমন , মজিবুর রহমান ও রাফি-এর নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলায় আবু সাঈম সরকারসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীকে দেখতে ছুটে যান কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, নায়েবে আমির প্রফেসর শেখ শহিদুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন সরকার, দেবিদ্বার স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুনুর রশীদ, সাবেক শিবির নেতা ওসমান গনিসহ স্থানীয় নেতৃবৃন্দ। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
