যানজট নিরসনে বিএনপি নেতাদের মতবিনিময়
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন পৌর শহরের যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করে জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সভা হয়েছে।
গত সোমবার চরফ্যাশন পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ সভাপতিত্ব করেন। সভায় চরফ্যাশন শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
জানাগেছে, শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় প্রতিদিনের সৃষ্টি হওয়া যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া, যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ করা, সড়ক ও বাজারের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াসহ সাধারণ মানুষ ও পথচারীদের রাস্তায় নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে এ সভায়। মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পৌর কর্তৃপক্ষের এই জনকল্যাণমুখী পদক্ষেপকে স্বাগত জানান।
তারা শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে পৌর কর্তৃপক্ষকে মাঠপর্যায়ে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।
