কলেজের ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফ। তাঁরা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইলিয়াস আলী আরও বলেন, ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা সংগঠনের নির্দেশনায় মাঠে আছি।

?এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।