সাতক্ষীরা সীমান্তে ৮২ কোটি টাকার মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
জেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে এসব ঘটনায় ১৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৪ হাজার ৭শ' ৬২ বোতল মদ, ৩.১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২শ' ৪০ গ্রাম গাঁজাসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি। আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬শ' কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর।
মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
