রাজবাড়ীতে তদন্ত কমিটির সার কারখানা পরিদর্শন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অর্ণব ফার্টিলাইজার সার কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ ও মানহীন সার উৎপাদন, সরকারি নির্দেশ অমান্য এবং জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের ক্ষতির অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে কারখানাটি পরিদর্শন করেছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন সদস্যের তদন্ত কমিটি। সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামে অবস্থিত কারখানাটি পরিদর্শনের পাশাপাশি তদন্ত কমিটির সদস্যরা অভিযোগের বিষয়ে স্থানীয়দের মতামত জানতে আশপাশের বিভিন্ন বাড়িতে যান।
এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) রোকনুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল এবং রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।
এলাকাবাসীর পক্ষে মোস্তফা আমীর ফয়সাল কারখানাটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আবেদন করেন। আবেদনে বলা হয়, ডিগ্রিচর এলাকায় অবস্থিত অর্ণব ফার্টিলাইজার ও এর সহযোগী প্রতিষ্ঠান আমিন এগ্রো ফার্ম লিমিটেড দীর্ঘদিন ধরে পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও কৃষির ক্ষতি করে আসছে। পাশাপাশি উৎপাদিত সার রাতের আঁধারে পাচার ও বাজারজাত করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন শর্ত পালনের নির্দেশ দেওয়া হলেও কারখানার মালিক মো. নুরুল আমিন তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩ নভেম্বর এসিআই
(অঈও) কোম্পানির পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়, উৎপাদিত 'বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট সার' এর গুণগত মান ঠিক না থাকায় রাজবাড়ীর ওই কারখানায় উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওই নির্দেশনার পরও কারখানার মালিক প্রশাসনের অগোচরে মানহীন ও ভেজাল সার উৎপাদন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগে বলা হয়, উৎপাদিত সার দিনের বেলায় মুরগির খামারের গুদামে পশুখাদ্যের বস্তার আড়ালে রাখা হয় এবং রাতের আঁধারে পাচার ও বাজারজাত করা হয়। কারখানায় উৎপাদিত সারের গুণগত মান পরীক্ষার জন্য নিজস্ব কোনো পরীক্ষাগারও নেই। আবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ১৯ অক্টোবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সারের নমুনা সংগ্রহ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) যশোর আঞ্চলিক গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠান। পরীক্ষার ফলাফলে সারে জৈব কার্বন ও পটাশিয়ামের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া যায় বলে আবেদনে দাবি করা হয়েছে। সরকারি গবেষণাগারে সারটি মানহীন প্রমাণিত হওয়ার পরও সারের বস্তায় প্রয়োজনীয় ব্যাচ নম্বর ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা উল্লেখ না করে তা বাজারজাত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের ২৯ জুন প্রশাসনের কার্যালয় থেকে তিন মাসের মধ্যে কারখানার সীমানাপ্রাচীর নির্মাণ ও শেড তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকেও বাউন্ডারি দেয়াল নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও এসব নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। গত এপ্রিল মাসে প্রতিবেশী জমির মালিক সেলিম মিয়াও উন্মুক্ত বর্জ্য অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ২০২৬ সালের মার্চ মাসে রমজান মাসে খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত কয়েক হাজার মৃত মুরগি, পচা ডিম ও অন্যান্য বর্জ্য কারখানার পশ্চিম পাশের পুকুরে উন্মুক্তভাবে ফেলে রাখা হয়। এতে এলাকায় তীব্র দুর্গন্ধ, মাছি ও জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর ফলে ডিগ্রিচর চাঁদপুর গ্রামের বাসিন্দারা শ্বাসকষ্ট ও পেটের পীড়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়েন বলে আবেদনে দাবি করা হয়েছে।কারখানা-সংলগ্ন জান্নাতুল বাকী গোরস্থানে লাশ দাফনের সময়ও দুর্গন্ধের কারণে মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ করা হয়েছে। বিশেষ করে গত মার্চ মাসে জানাজা, দাফন, রমজানের ইফতার ও নামাজের সময় খামার ও সার কারখানা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মজিদ শেখ প্রতিবাদ জানালে কারখানার মালিক নুরুল আমীন তাঁকে ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অপরাধমূলক ক্ষতিসাধনের হুমকি দেন বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলির সুযোগে কারখানার মালিক পুনরায় অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাত শুরু করেছেন। তাই জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে অর্ণব ফার্টিলাইজার ও আমিন এগ্রো ফার্মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কারখানা সিলগালা ও স্থায়ীভাবে বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগকারী মোস্তফা আমীর ফয়সাল বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে অর্ণব ফার্টিলাইজার কারখানাটি বন্ধের আবেদন করেছেন তিনি। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজানো ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তদন্ত কমিটি সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা আমীর ফয়সাল। তবে অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন। তিনি বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এখানে প্রায় দুই শতাধিক মানুষ কাজ করছেন। কারখানাটি সাময়িক বন্ধ থাকায় এসব কর্মজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যরা দুর্ভোগে পড়েছেন। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।
