দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীরা চিকিৎসাসেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হয়ে আসছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ব্যয়বহুল যন্ত্রপাতি অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের অবাধ দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অবহেলার গুরুতর অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় থেকে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেন দুদক কর্মকর্তারা।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতেই তারা হাসপাতালে এই অভিযান পরিচালনা করেছেন। ওয়ার্ড মাস্টারদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়েছে। বিশেষ করে টয়লেটসহ হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা একেবারে খারাপ নয়, মোটামুটি চলার মতো। তবে এই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের আরও বেশি নজর দেওয়া উচিত। অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছে। এ ছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে এবং সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, দুদকের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবেই হাসপাতালে এসেছিলেন। তারা যেভাবে তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।