মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
গতকাল বুধবার ১২টার দিকে সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা মাদকের বিস্তার রোধ, চুরি, ডাকাতি, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে পুলিশি সেবাকে জনগণের দোরগড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া বাল্যবিবাহ ও আত্নহত্যা প্রতিরোধ, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বস্তনিষ্ঠা ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আকবর আলী, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
