বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫০০ জন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন পাঁচ শতাধিক মানুষ। অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। দীর্ঘ দুই বছর ধরে এ প্রতিষ্ঠান তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। গতকাল বুধবার উপজেলার তারাবো পৌরসভার কামালনগর এলাকায় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রধান করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকার সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইমরান হোসেনের তত্ত্বাবধানে একটি চিকিৎসক টিম এ সেবা প্রদান করেন।
সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও বয়স্ক রোগীরা।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন। পাশাপাশি তাদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করা হয়। এতে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। অর্থাভাবে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছিলেন না, তাদের জন্য এ আয়োজন হয়ে ওঠে স্বস্তি ও আশার উপলক্ষ।
আয়োজক ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এ প্রতিষ্ঠান সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে।
আজকে আমাদের এখানে চক্ষু চিকিৎসা ক্যাম্প চলছে। এখানে রোগীদের সমস্যা অনুপাতে চশমা, ওষুধসহ সানি রোগীর অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় পাঁচ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছি।
