ছেলের মৃত্যুর সংবাদে মারা গেলেন অসুস্থ বাবাও
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
সংসারে একমাত্র উপার্জনক্ষম বড় ছেলের ছেলের মৃত্যুর সংবাদে মারা যান অসুস্থ বাবাও। গত মঙ্গলবার সন্ধ্যায় ছেলে ও রাত ১১টার দিকে বাবার মৃত্যু হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চৌড়হাস ফুলতলার স্থানীয় গোরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়েছে। মৃতরা হলেন-কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) কাজ করতেন। প্রায় আট মাস আগে তিনি বিয়ে করেন। বাবার সঙ্গে একই বাড়িতে থাকতেন মাহফুজুর। বাবার অসুস্থতাসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। গত মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তাঁর বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাহফুজের সহকর্মীরা জানান,মঙ্গলবার বিকালে মাহফুজ অফিসের চেয়ারে বসে ছিলেন। ফোনে বাবার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে আটটার দিকে তার লাশ বাড়িতে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালটির জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমান।
মঙ্গলবার রাতেই ছেলের লাশ বাড়িতে নেওয়ার সংবাদ আবদুল মান্নানকে জানানো হয়। এরপর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন জানিয়ে মাহফুজুরের স্বজন বলেন, একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই আবদুল মান্নানের মৃত্যু হয়। কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌড়হাস এলাকার সাবেক কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ বলেন, ছেলেটি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গতকাল বুধবার সকালে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
