আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগ
গ্রেপ্তার ১৯
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে আক্কেলপুর থানায় মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন সঞ্জু, যুবলীগের দপ্তর সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এ ছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বকুল এবং আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের দুই কর্মচারীও রয়েছেন। গত মঙ্গলবার রাতে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন তালুকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে জড়ো হয়েছেন। তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ১৯ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ বলেন, তারা একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
