সিরাজগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে দুটি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ, মুন্সিগঞ্জের উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু ও একই এলাকার মালিরপাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাট শেখ। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় দেন।
ওই আদালতের কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানী বলেন, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতীয় ২৬৬ বোতল ফেনসিডিলসহ গাড়িচালক কাজী দিপু ও তার সহকারী সম্রাট শেখকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এদিকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আলম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।
