রংপুর রেঞ্জের গ্রাম পুলিশ প্যারেড অনুষ্ঠিত
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল,জননিরাপত্তা নিশ্চিতকরণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত। গতকাল বুধবার সকালে লালমনিরহাট থানা প্রাঙ্গণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, লালমনিরহাট (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক। এ সময় লালমনিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজানুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ডিআইজি রংপুর রেঞ্জ মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম সার্বিক নির্দেশনায় পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও পুলিশ-গ্রাম পুলিশের সমন্বয় জোরদারে নিয়মিত চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদকদ্রব্য ও জুয়া নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি-ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এবং চোর ও অপরাধীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এলাকায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা কিংবা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলে দ্রুত থানাকে অবহিত করার জন্য গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অপরাধের বিস্তার রোধে অপরাধপ্রবণতা সম্পর্কে তথ্য সংগ্রহ, পারস্পরিক তথ্য-উপাত্ত বিনিময় এবং পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সমন্বিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
