নারায়ণগঞ্জে ৭৫ জন নারী পেলেন সেলাই মেশিন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদের যদি সামনে এগিয়ে নিয়ে না আসি তাহলে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেনা। এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে দুরে রাখি তাহলে এই বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ ও উন্নত জাতিতে পরিণত হরে না।
সেই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী জাগরণ করতে হবে এবং নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষা কর্মসংস্থান এবং আত্ম কর্মসংস্থান বিশেষ করে উদ্যোক্তা বানাতে হবে। প্রধানমন্ত্রীর জনক তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে আমাদের এই সেলাই মেশিন প্রদান। নারীরা যদি আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
তিনি বলেন, আমাদের সীমিত সমর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি তাই দিচ্ছি। এই সেলাই মেশিন আপনারা নিয়ে যাবেন, এটার মাধ্যমে আপনার নিজেরও আত্মকর্মসংস্থান তৈরি হবে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।
