সিরাজগঞ্জে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২ সদস্যরা। তারা হলেন— তাড়াশ উপজেলার শালিয়াগাড়ী গ্রামের জহুরুল ইসলাম, মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী, বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ। এসআরবি-১২'র অপস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জুন গভীর রাতে তাড়াশে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গরু লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার ও সন্ধ্যায় রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যর ভিত্তিতে সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রাম ও কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশ পাড়া গ্রাম থেকে ২টি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা চুরির মামলায় পলাতক আসামি বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
