মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশের গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোল্লাকান্দি ও পাশের আধারা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা, নতুন আমঘাটা, আমঘাটা ও চৈতারচর গ্রাম এবং পাশের আধারা ইউনিয়নের শোলারচর এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তার ও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং ফ্রান্স প্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর কয়েক দফায় হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ হয় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় দুই পক্ষের নেতৃত্বে কারা রয়েছেন, তা এখনো স্পষ্ট জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
