সিরাজগঞ্জে সরিষা বপণে ব্যস্ত কৃষক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে পুরোদমে শুরু হয়েছে মৌসুমি সরিষার চাষাবাদ। এ চাষাবাদ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরইমধ্যে প্রায় ৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

আমনধান কাটার পরও নতুন করে সরিষা চাষ করবেন কৃষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলায় এবার প্রায় ৯০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকরা এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা চাষ করবেন বলে আশা করা হচ্ছে। জেলার চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে সরিষার চাষ বেশি হচ্ছে। বিশেষ করে শস্যভাণ্ডারখ্যাত উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় এ চাষাবাদে সবচেয়ে বেশি ঝুঁকেছেন কৃষকরা। এ ছাড়া কামারখন্দ, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানেও সরিষার চাষ হচ্ছে।

যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও আবাদ করা হচ্ছে সরিষা। এবার টরি-৭, বারি-১৪, বীনা-৯ ও বীনা-১৪ জাতের সরিষার চাষ বেশি হচ্ছে। তবে চরাঞ্চলে প্রতিবছরের মতো এবারও ইউরিক অ্যাসিডমুক্ত ক্যালানিয়া জাতের সরিষার চাষ করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, গত মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌসুমি সরিষার চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে চর ও বিলাঞ্চলে সরিষাগাছে পাতা গজাতে শুরু করেছে।

অল্প দিনের মধ্যেই মাঠজুড়ে সরিষার সমারোহ সৃষ্টি হবে। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেক কৃষক। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জমিবর্গা নিয়েও এ চাষাবাদ করছেন। এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম নাসির হোসেন বলেন, এবার সরিষা চাষে প্রণোদনা হিসেবে নির্ধারিত হারে বীজ ও সার দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আমন ধানকাটার পরও কৃষকরা সরিষা চাষ করবেন। এরইমধ্যে আগাম ধান কেটে অনেক কৃষক সরিষার আবাদ করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, গত বছরের তুলনায় এবার জেলায় বেশি জমিতে সরিষাচাষ হবে বলে আশা করা যাচ্ছে। এ চাষাবাদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।