পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার দুই ছাত্র নিহত
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাদ্রাসার দুই ছাত্র নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত। এছাড়া আহত অপর শিক্ষার্থী সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহত তিনজনই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফিরছিলেন তিন মাদ্রাসার ছাত্র। পথিমধ্যে তারা সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
