দামুড়হুদায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষকের ন্যায্য অধিকার ও জনস্বার্থ রক্ষায় প্রতিবাদ হোক ঐক্যবদ্ধ—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী আবেদুদ্দৌলা টিটোনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে সারের কৃত্রিম সংকট দূর করে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ মুহসিন এমদাদুল্লাহ জামেন।