তিতাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে দুই গ্রুপের মারামারির ঘটনায় ৪২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে উক্ত মামলাটি করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দুই গ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ ও তার ছোট ভাই তিতাস উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুন ইসলাম আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন এবং শুক্রবার দুপুরে কুমিল্লা (উত্তর) জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহম্মদ আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে একই গ্রামের উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ ও তার অনুসারীরা আসতে চাইলে মাঠ সংলগ্ন সেতুর কাছে জামাল হোসেনের লোকজন বাধা দেয়। এমদাদ হোসেন আখন্দ বিষয়টি এমপিকে অবহিত করতে মঞ্চে আসলে মারামারির ঘটনা ঘটে। এসময় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মঞ্চে উপস্থিত ছিলেন। মারামারি সময় স্থানীয় নেতৃবৃন্দ এমপিকে নিরাপদে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন। উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়েছে।
এদিকে, নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে জামাল হোসেনের উত্তেজিত সমর্থকরা এমদাদ হোসেন আখন্দের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গোপালপুর বাজারে নির্বাচনী প্রচারণা অফিস ভাংচুর করে। পরে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার পুরো গোপালপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে এমদাদ হোসেন আখন্দ ও জামাল হোসেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় এমপির সামনে মারামারিতে লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
বহিষ্কৃত গোপালপুর গ্রামের সাইমুন ইসলাম আখন্দ জানান, প্রথমে আমাদেরকে সভাস্থলে যেতে বাধা দেয়া হয়। বিষয়টি এমপিকে অবগত করতে গেলে আমার ভাইয়ের প্রথম হামলা হয় এবং পরে আমাদের বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান ও পার্টি অফিসে ভাঙচুর চালায়। এতে আমাদের প্রায় ১০জন নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আহত জামাল হোসেন সাংবাদিকদের জানান, অনুষ্ঠান চলাবস্থায় এমদাদ হোসেন আখন্দ ও তার ভাই সাইমুনের নেতৃত্বে মঞ্চে হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয়। এসময় আমার প্রায় ১০জন কর্মী আহত হয়েছে।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, গোপালপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত জামাল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে ৪২জনের নাম উল্লেখপূর্বক ১০০-১৫০জনকে অজ্ঞাত রেখে একটি মামলা করেছে। এ মামলার একজনকে আটক করা হয়েছে।
