ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-দিনশাজপুর মহাসড়কের বন বিভাগ কার্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিপন চন্দ্র নিহত হন। ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।