সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে নেতাকর্মী ও সমর্থকেরা পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাংশা বারেক মোড়, পাংশা বাজারের কালীবাড়ি মোড়, টেম্পুস্ট্যান্ড ও পাংশা রেলগেট প্রদক্ষিণ করে পুনরায় বারেক মোড় হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।