ডোমারে তাঁতীলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে গত ১৪ বছর পূর্বে (২০১২ সালে) জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকারের (বালাচান) ছেলে। তিনি ডোমার পৌর তাঁতীলীগের সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে গতকাল শনিবার ছোটন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
