সিরাজগঞ্জে চরাঞ্চলে বাদামের আবাদ বেড়েছে
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে চীনা বাদামসহ বিভিন্ন জাতের বাদাম চাষ শুরু করেছে কৃষকরা। এ লাভজনক বাদাম চাষাবাদে চরাঞ্চলের কৃষকরা ঝুঁকে পড়েছে। ইতিমধ্যেই আগাম জাতের প্রায় ২ হাজার হেক্টর জমিতে বাদাম চাষাবাদ করা হয়েছে। এবার এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মধ্যে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এবার ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে এ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ চাষাবাদ করবে কৃষকরা। এছাড়া এ জেলার অপর ৪টি উপজেলার ফুলজোড়, করতোয়া, বড়াল, ইছামতি নদীর চরাঞ্চলসহ বালি মাটিতেও বাদাম চাষ করছে। এরমধ্যেই যমুনা নদীর তীরবর্তী ওই ৫টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে আগাম জাতের বাদাম চাষ করা হয়েছে এবং চরাঞ্চলের অনেক স্থানে বাদাম খেতের সমারোহ সৃষ্টি হচ্ছে।
এদিকে চরাঞ্চলে বাদাম চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহ বাড়াতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে বিনামূল্য চীনা বাদামের বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং ওই ৫টি উপজেলার ২ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি করে বাদামের বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়। এসব বাদামের বীজের মধ্যে রয়েছে বিনা-৪, বাড়ি-৯ এবং কৃষকেরা দেশি জাতের বাদাম চাষাবাদও করছে। স্থানীয় কৃষকরা বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারো সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে এ চাষাবাদে বিনামূল্য সার ও বীজ দিয়েছে এবং সেইসঙ্গে কৃষকের এ চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে। খরচ কম বেশি লাভে বাদাম চাষে কৃষকেরা ঝুঁকে পড়েছে। অনেক কৃষক জমি লিজ ও বর্গা নিয়ে এ চাষাবাদ করছে। তবে কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে বাদাম চাষ বেশি হয়ে থাকে। বিশেষ করে কাজিপুর উপজেলার নাটোয়ারপাড়া, তেকানি, নিশ্চিন্তপুর, চরগিরিশ চরে সবচেয়ে বেশি বাদাম চাষ হয়। এবার এ চাষাবাদে বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল হক বলেন, চরাঞ্চলে এ বাদাম চাষাবাদে উৎসাহিত করার জন্য কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে এবং কৃষকদের এ চাষে পরামর্শ দেওয়া হচ্ছে এবং চলতি মাসের শেষ দিকে এ বাদাম বোপণ কাজ শেষ হবে। তবে আগাম জাতের প্রায় ২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে এবং চরাঞ্চলের অনেক স্থানে বাদাম চাষে সমারোহ সৃষ্টি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
