দুবলারচরে যাতায়াতে বন বিভাগের পাঁচ রুট নির্ধারণ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের দুবলারচরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। গতকাল রোববার সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম বিষয়টি জানিয়েছেন। নির্ধারিত রুটগুলো হলো— বুড়িগোয়ালিনী-কোবাডক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর; কয়রা-কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলারচর; নলিয়ান স্টেশন থেকে শিবসা-মরজাত নদী হয়ে দুবলারচর; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর। বন বিভাগের তথ্য অনুযায়ী, শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের প্রবেশের অনুমতি দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের কপি অথবা ইউপি চেয়ারম্যানের সনদসহ আবেদন করতে হবে। নির্ধারিত রাজস্ব পরিশোধের পর প্রবেশপথে অনুমতিপত্র দেওয়া হবে। প্রত্যেক অনুমতিপত্রে নির্ধারিত একটি রুট উল্লেখ থাকবে। তীর্থযাত্রীদের ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নৌযান চলাচল করতে পারবে শুধু দিনের বেলায়। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানের গায়ে সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের পর প্রত্যেককে দেওয়া টোকেন বা টিকিট সঙ্গে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। বন বিভাগ আরও জানিয়েছে, রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, গাছ কাটার সরঞ্জামসহ অবৈধসামগ্রী বহন নিষিদ্ধ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, পটকা ও বাজি ব্যবহার এবং সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।
