কুষ্টিয়ায় ভারতীয় পণ্য জব্দ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজেপির পক্ষ থেকে জানানো হয়,সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার আনুমানিক ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ৩০ হাজার টাকা।
অপরদিকে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠ নামক স্থানে অপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা। উক্ত দুটি পৃথক অভিযানে সর্বমোট ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে।
