সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষাবাদে কৃষকের মুখে হাসি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস.এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শীতকালীন বিভিন্ন সবজি চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। এসব শীতকালীন সবজি এরমধ্যেই বিভিন্ন হাট-বাজারে উঠছে। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
বিশেষ করে এ চাষাবাদে সচ্ছলতা ফিরছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে এ শীতকালীন সবজি চাষে সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকেরা এরমধ্যেই প্রায় ৭ হাজার হেক্টর জমিতে এ চাষাবাদ করেছেন। তবে কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ সবজি বেশি চাষাবাদ হয়েছে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও এ সবজি চাষ করছেন কৃষকরা। অবশ্য যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে প্রতি বছরের ন্যায় এবারো আগাম শীতকালীন সবজি চাষাবাদ করেছে কৃষকরা। এ আগাম শীতকালীন বিভিন্ন সবজি চাষেও লাভবান হয়েছে তারা।
এসব শীতকালীন সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, টমেটো, ডাটা, সিম, পালংশাকসহ বিভিন্ন শাকসবজি এবং গ্রামঞ্চলের অনেক গৃহবধূ বাড়ির আঙ্গিনা পুকুরপাড়ে এসব সবজির বাগানও করছে। এদিকে এ অঞ্চলে শীতের আমেজ তেমন শুরু না হলেও এসব আগাম সবজি চাষ শুরু করেছে কৃষকেরা এবং প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জমি লিজ ও বর্গা নিয়ে এ চাষে ঝুঁকে পড়েছে। এসব সবজি হাট-বাজারে উঠতেও শুরু করেছে। হাট-বাজারে এসব শীতকালীন সবজির চাহিদাও বাড়ছে। ফুলকপিসহ বিভিন্ন সবজির চাহিদাও বাড়ছে এবং বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।
স্থানীয় কৃষকরা বলছেন, খরচ কম লাভ বেশি হওয়ায় কপিসহ এসব সবজি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে। এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে কৃষকদের এবং ধান কাটার পরেও এসব সবজির চাষ হবে। বর্তমানে হাট-বাজারে প্রতি কেজি ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, প্রতি পিস লাউ ও কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং ফুলকপির ডাটাশাক ও পালংশাকসহ বিভিন্ন শাকের মূল্য ও চাহিদাও বাড়ছে। এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, এবার শীতকালীন ফুলকপিসহ বিভিন্ন সবজি চাষ করছে কৃষকরা। অবশ্য আগাম শীতকালীন সবজি চাষেও লাভবান হচ্ছে কৃষকরা এবং শীতকালীন এসব সবজি চাষে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। এতে লাভবানও হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।
