ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ১২ নম্বর নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তার এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক। পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর সোমবার (১৬ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর ৮ নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনি কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
