ভারতীয় মোবাইল ও ট্রাকসহ ভারতীয় চালক আটক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৬টি চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরভর্তি একটি ভারতীয় ট্রাকসহ জসিম শেখ (২৭) নামের এক ভারতীয় চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক জসিম শেখ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। গতকাল সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে সন্দেহভাজন একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথর জব্দ করা হয়।
