সাংবাদিকদের মুক্তি দিতে আল্টিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। সোমবার (১৬ নভেম্বর) তিনি টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। কারাবন্দি চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, সহসভাপতি এম সাইফুল ইসলাম সাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রজতসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ, মোঃ বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ও মোঃ সজিব হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন খায়রুল আলম রফিক। তিনি গ্রেপ্তার সাংবাদিকদের আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পরে প্রতিনিধি দলটি টাঙ্গাইল স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তি এবং তাঁদের আইনি সহায়তা নিশ্চিত করতে পরবর্তী কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।