৫৫ বছরেও স্মৃতিস্তম্ভ হয়নি শায়েস্তাগঞ্জের ১১ শহিদের বধ্যভূমিতে
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মামুন চৌধুরী, হবিগঞ্জ

একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি আজও বহন করছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরবাজার রেলওয়ে গেইট সংলগ্ন বধ্যভূমি। ১৯৭১ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে এখানে নির্মম হত্যাকান্ডের শিকার হন লালচান্দ চা বাগানের ১১ জন নিরীহ চা শ্রমিক। পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় তাদের ধরে এনে গুলি করে আহত অবস্থায় মাটিচাপা দেয়। অথচ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই শহিদদের স্মৃতি সংরক্ষণে বধ্যভূমিটিতে নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ। দীর্ঘদিনের এই অবহেলায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।
মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী এই বধ্যভূমিতে আজও শহিদদের আত্মত্যাগের যথাযথ স্মারক নেই। মুক্তিযোদ্ধাদের দাবি, অবিলম্বে এখানে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং এর পাশে শায়েস্তাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করতে হবে। তাদের মতে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এসব উদ্যোগ অত্যন্ত জরুরি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান থেকে ১১ জন শ্রমিককে ধরে নিয়ে আসে দাউদনগরবাজার রেলওয়ে গেইটের অদূরে। এরপর তাদের হাত-পা বেঁধে রাখা হয়। সেখানে আগে থেকেই গর্ত খোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ছায়েদ আলী ও রমজান আলী জানান, ঘটনার সময় তাদের বয়স ছিল ১৬-১৭ বছর। তাদেরসহ মোট ছয়জনকে পাকিস্তানি সেনারা আটক করে ওই স্থানে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান, ১১ জন শ্রমিকের হাত-পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা তাদের হাতে খুন্তি-কোদাল দিয়ে গর্ত খুঁড়তে বাধ্য করে। পরে বন্দিদের প্রত্যেককে এক মগ করে পানি পান করানো হয়। এরপর গর্তের মধ্যে বসিয়ে হাত বাঁধা অবস্থায় তাদের গুলি করা হয়। কিন্তু গুলিবিদ্ধ হয়েও কয়েকজন তখনও জীবিত ছিলেন। মৃত্যু নিশ্চিত হওয়ার আগেই তাদের মাটিচাপা দেওয়ার নির্দেশ দেয় হানাদার বাহিনী। আহত অবস্থায় কেউ উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পা চেপে ধরে তাঁদের গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হয়। এভাবেই নির্মমভাবে প্রাণ হারান ১১ জন নিরীহ শ্রমিক।
নিহত ব্যক্তিরা হলেন- রাজকুমার গোয়ালা, লাল সাধু, কৃষ্ণ বাউরী মেম্বার, দিপক বাউরী, মহাদেব বাউরী, অনু মিয়া, সুনীল বাউরী, নেপু বাউরী, রাজেন্দ্র রায় বাউরী, গৌর রায় বাউরী ও ভুবন বাউরী।
দেশ স্বাধীন হওয়ার পর নিহতদের স্বজনরা দাউদনগরবাজারের বধ্যভূমি থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে যান। পরে চুনারুঘাটের লালচান্দ চা বাগানের খেলার মাঠের কাছে ওই মাটি রাখা হয়। সেখানে নির্মাণ করা হয় 'মুক্তিযুদ্ধে ওরা ১১ জন' স্মৃতিস্তম্ভ। কিন্তু যে স্থানে ১১ জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল, সেই মূল বধ্যভূমিটি এখনও স্মৃতিস্তম্ভহীন।
বধ্যভূমি সম্পর্কে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী জানান, লালচান্দ চা বাগানের ১১ জন শ্রমিককে ধরে এনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে এখানে মাটিচাপা দিয়েছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বধ্যভূমিটি স্বীকৃতি পেয়েছে এবং সরকারি গেজেটেও অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। এমনকি শায়েস্তাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও নির্মিত হয়নি।
তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করা রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হলে এসব বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তাই দ্রুত দাউদনগরবাজারের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ এবং পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে ১১ শহিদের নামসংবলিত একটি সাইনবোর্ড টানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও দাউদনগরবাজারের এই বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়া অত্যন্ত দুঃখজনক। ১১ জন নিরীহ চা শ্রমিকের আত্মত্যাগ শুধু একটি পরিবারের কিংবা একটি এলাকার ইতিহাস নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
শুধু একটি সাইনবোর্ড দিয়ে এমন একটি ঐতিহাসিক স্থান সংরক্ষণের দায়িত্ব শেষ হতে পারে না। প্রয়োজন স্থায়ী স্মৃতিস্তম্ভ, শহিদদের নামফলক, বধ্যভূমির সীমানা নির্ধারণ, যথাযথ সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা। একই সঙ্গে দ্রুত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিতে হবে। যে মাটিতে ১১ জন শ্রমিকের রক্ত মিশে আছে, সেই মাটির স্মৃতি যেন অবহেলায় হারিয়ে না যায়। শহিদদের প্রতি যথাযথ সম্মান জানাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
