শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নানামুখী ষড়যন্ত্র ও দখলের রাজনীতির শিকার হয়ে চরম সংকটের মুখে পড়েছে খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় 'নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি'। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে চলছে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলা এবং আইনি নির্দেশ অমান্য করার মতো ঘটনা। এতে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী গভীর অনিশ্চয়তা ও হুমকির মুখে পড়েছেন। অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ১৮ নভেম্বর খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। প্রতিষ্ঠার সময় বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। এছাড়া দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ শীর্ষ নেতাদের স্ত্রী ও ঘনিষ্টজনরা ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হন। পাশাপাশি শিক্ষা অনুরাগী বাক্তিরাসহ মোট ১৭ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে ট্রাস্টি বোর্ড গঠিত হয়। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তালুকদার আব্দুল খালেক, এস এম কামালসহ আওয়ামী ঘরানার একাধিক সদস্য আত্মগোপনে চলে যান। এ সময়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি সমর্থিত অধ্যাপক ড. মোহাম্মাদ সিরাজুল হক চৌধুরী। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে এক অদৃশ্য ইশারায় প্রচলিত আইন ও নিয়মের তোয়াক্কা না করে মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হক ট্রাস্টি বোর্ডের সদস্য পদ দখল করে নেন।
গত ২০২৫ সালের ২১ মে এক সভায় সিরাজুল হক চৌধুরীকে অবৈধভাবে সরিয়ে দিয়ে মিজানুর রহমান নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন এবং হাফিজুর রহমানকে সদস্য-সচিব করা হয়। এর পরই এক অদৃশ্য শক্তির জোরে তারা বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের একক নিয়ন্ত্রণে নিতে শুরু করেন। মিজানুর রহমানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার রোষানলে পড়েন বিশ্ববিদ্যালয়ের তিন প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য। এর মধ্যে পবিত্র কুমার সরকারকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য প্রতিবাদী সদস্যদের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলা দেওয়া হয়। এমনকি দখলদারিত্বের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি অব্যাহত রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখনো ট্রাস্টি হিসেবে নাম অন্তভুক্ত এবং তাদের নামে নোটিশ জারি হলেও ফ্যাসিবাদের দোসর দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়টির একাধিক প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্যকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বোর্ড নোটিশে তাদের নামও দেখা যায়না। অথচ তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সম্পৃক্তার অভিযোগ বা দুর্নীতির সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। মিজানুর রহমান ও হাফিজুর রহমানের এই অবৈধ ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৫ সালের ৩ মার্চ খুলনার সিনিয়র সহকারী জ্যেষ্ঠ বিচারিক আদালতে (দেওয়ানি-৩৫/২০২৫) একটি মামলা করেন ট্রাস্টি পবিত্র কুমার সরকার। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ১৩ জানুয়ারি বিচারক মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আজিজুল হককে ট্রাস্টি সদস্য পদ অবৈধ বলে ঘোষণা আদেশ দেন। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) লিখিতভাবে জানানো হলে, ইউজিসি ২০২৫ সালের ১২ নভেম্বর এক আদেশে জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং ২০১৩ সালের ২৪ ডিসেম্বর জয়েন্ট স্টক কোম্পানীজ নিবন্ধিত ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ আইন অনুযায়ী বৈধ। ৬৬তম বোর্ড সভার কোরাম পূর্ণ না হওয়ায় ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা আইনসম্মত নয়। এছাড়া ৬৮তম ও ৬৯তম বোর্ড সভায় কোরাম পূরণ না হওয়ায় মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান ও মো. আজিজুল হককে ট্রাস্টি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা আইনসম্মত হয়নি।আদালতের রায় এবং ইউজিসির স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও অভিযুক্তরা বহাল তবিয়তে থেকে নানা উপায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন। অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব ও ষড়যন্ত্র বন্ধ করে আদালতের রায় বাস্তবায়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল।
