ভাঙ্গুড়ায় মাদকবিরোধী সভা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মন্ডতোষ ইউনিয়নের লতিফা আয়শা ওহাবিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুরাইয়া মমতাজ। এতে সভাপতিত্ব করেন মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এবং ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান ইসলাম, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নায়েব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, পুকুরপাড় নাছির আলিম মাদ্রাসার সুপার আনছার আলী, শরৎনগর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম এবং বড় বিশাকোল মাদ্রাসার সুপার মো. খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।