নেশার টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রী শিল্পী খাতুনকে নির্যাতনের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী জহুরুল ইসলাম পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার গভীর রাতে ফরিদপুর উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য জানিয়েছেন ।

জানা গেছে, গত ২১ বছর আগে হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের বাহাদুর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। ১৩ বছর আগে জহুরুল ইসলাম তার প্রথম স্ত্রী শিল্পী খাতুনকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরপর জহুরুল শিল্পীকে রেখে ঢাকা চলে যান। দীর্ঘ সাত বছর পর আবার শিল্পী খাতুনের কাছে আসেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই শিপন আলী জানান, গত ১২ নভেম্বর জহুরুল আবার শিল্পী খাতুনের কাছে আসেন। ঘটনার দিন রাতে জহুরুল স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে অমানুষিক অত্যাচার করেন। এ সময় শিশু কন্যা মিথিলাকেও মেরে ফেলার হুমকি দেন তিনি। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে শিল্পীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক।