চারঘাটে হারিয়ে যাচ্ছে নবান্নের ঐতিহ্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চারঘাট (রাজশাহী)

হেমন্তের মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কৃষকের ঘরে ঘরে উঠছে নতুন ফসল। নতুন চালের ঘ্রাণে একসময় মুখর হয়ে উঠত গ্রামবাংলার প্রতিটি জনপদ। বাড়িতে বাড়িতে তৈরি হতো পিঠা-পুলি, পায়েস, খই-মুড়িসহ নানা রকম খাবার। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে বসত আনন্দের মিলনমেলা। নতুন ধান ঘরে তোলার এই আনন্দঘন আয়োজনই ছিল বাঙালির চিরায়ত নবান্ন উৎসব। কিন্তু কালের বিবর্তনে বদলে গেছে সেই চেনা চিত্র। রাজশাহীর চারঘাটে ধান ঘরে উঠছে ঠিকই, তবে হারিয়ে যাচ্ছে নবান্নের উৎসব, কমছে লোকজ সংস্কৃতির চর্চা। নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের এই কৃষিভিত্তিক ঐতিহ্য এখন অনেকটাই স্মৃতিনির্ভর।

একসময় অগ্রহায়ণ মাসজুড়ে চারঘাটের গ্রামাঞ্চলে নবান্নকে ঘিরে থাকত উৎসবের আমেজ। নতুন ধান ঘরে তোলার পর সেই ধানের চাল দিয়ে তৈরি করা হতো নানা ধরনের পিঠা-পুলি ও পায়েস। বাড়ির নারীরা ব্যস্ত হয়ে পড়তেন খাবার তৈরিতে। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করা হতো। এক বাড়ির খাবার অন্য বাড়িতে পাঠানোর মধ্য দিয়ে ছড়িয়ে পড়ত আনন্দ ও সম্প্রীতি। নবান্ন ছিল গ্রামীণ মানুষের মিলন, ভালোবাসা ও সামাজিক বন্ধনের এক অনন্য উপলক্ষ। সরেজমিন দেখা যায়, চারঘাটের বিভিন্ন এলাকায় আমন ধান কাটা ও ঘরে তোলার ব্যস্ততা রয়েছে। মাঠ থেকে কৃষকের ঘরে উঠছে নতুন ফসল। তবে নতুন ধান ঘিরে আগের মতো উৎসবের আয়োজন চোখে পড়ে না। অনেক পরিবারে নবান্নের আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ হয়ে পড়েছে নতুন চালের খাবার রান্নার মধ্যে। কোথাও কোথাও হারিয়ে গেছে পিঠা-পায়েস তৈরি ও প্রতিবেশীদের মধ্যে খাবার বিনিময়ের প্রচলিত রীতিও। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে তৈরি হতো উৎসবের পরিবেশ। নতুন ধান থেকে চাল তৈরি করে বাড়িতে বাড়িতে পিঠা-পায়েস বানানো হতো। আত্মীয়স্বজনের আগমন এবং প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে মুখর থাকত পুরো গ্রাম।

বর্তমানে সেই আয়োজন অনেকটাই কমে গেছে। সময়ের পরিবর্তনে নতুন প্রজন্মের মধ্যেও এ উৎসবের প্রচলিত রীতিনীতি সম্পর্কে আগ্রহ কমেছে। উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের প্রবীণ কৃষক আমির হামজা বলেন, আগে নতুন ধান ঘরে উঠলেই আমাদের বাড়িতে আনন্দ শুরু হতো। নতুন চাল দিয়ে পিঠা-পায়েস তৈরি করা হতো। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে সবাই মিলে খাওয়াদাওয়া করতাম।

এখন ধান ঘরে ওঠে, কিন্তু সেই আনন্দ ও উৎসব আর আগের মতো দেখা যায় না। এক গৃহিণী বলেন, নবান্ন উপলক্ষে আগে পরিবারের সবাই মিলে পিঠা-পায়েস তৈরির আয়োজন করতাম। প্রতিবেশীদের বাড়িতেও পাঠানো হতো। এখন সংসারের ব্যস্ততা ও জীবনযাত্রার পরিবর্তনে এসব আয়োজন অনেক কমে গেছে। নতুন প্রজন্মের অনেকেই নবান্নের আগের সেই আনন্দ ও ঐতিহ্য সম্পর্কে তেমন জানে না। সংস্কৃতিকর্মী পদ্মা বড়াল থিয়েটারের সাধারণ সম্পাদক সাজেদুল করীম বলেন, নবান্ন শুধু নতুন ধান ঘরে তোলার উৎসব নয়, এটি বাঙালির কৃষি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এ উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য তৈরি হতো।

হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে নবান্ন উৎসবের আয়োজন এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি। সংশ্লিষ্টদের মতে, আধুনিক জীবনযাপন, নগরায়ণ, পারিবারিক রীতিনীতির পরিবর্তন এবং লোকজ সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় নবান্ন উৎসবের ঐতিহ্য ক্রমেই হারিয়ে যাচ্ছে। একসময় যে উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে প্রাণচাঞ্চল্য তৈরি হতো, তা এখন অনেক পরিবারের কাছে শুধু স্মৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

নতুন ধানের সঙ্গে বাঙালির সম্পর্ক শুধু খাদ্যের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের শ্রম, গ্রামীণ জীবন ও হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। তাই ফসল ঘরে তোলার আনন্দের পাশাপাশি নবান্নের হারিয়ে যাওয়া উৎসবও ফিরিয়ে আনা প্রয়োজন। গ্রামবাংলার এই চিরায়ত ঐতিহ্য যেন শুধু স্মৃতির পাতায় আটকে না থাকে, আবারও প্রাণ ফিরে পাক চারঘাটের নবান্ন উৎসব এমন প্রত্যাশা স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের।