বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা। বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা বাসাইল স'মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশ প্রহরী দো'তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
আগুনে কলাপসেবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে। বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যাংকের শাখা অফিসের বারান্দায় দুর্বৃত্তরা আগুন দেয়ার ঘটনা দেখতে পায়। এতে অফিসের বারান্দায় কিছুটা ক্ষতি হয়েছিল। তাছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
