নারায়ণগঞ্জে পাঁচ গণপরিবহন ও ট্রেনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের পৃথক তিনটি স্থনে পার্কিং করে রাখা পাঁচটি গণপরিবহন ও একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড়ের ফতুল্লা, রূপগঞ্জ ও চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনে এ অগ্নিসংযোগ করা হয়।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের মধ্যে রয়েছে তিনটি বাস এবং দুটি লেগুনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে মো. লতিফের বাস গ্যারেজের ইউটার্ন সংলগ্ন রাস্তায় থ্রি স্টার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্কিং করা ছিল। ভোররাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সেখানে আসে। মুহূর্তের মধ্যেই তারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে।

অপরদিকে, রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মেঘলা বাস ডিপোর সামনে দুটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে। আমি প্রথমে মনে করছিলাম। রোড ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বইলা যখন চিল্লান দিসি একজন বলতেছে 'গুল্লি কইরা দে।' তখন একটা ফাঁকা আওয়াজ করলো কিনা জানি না, আমি উল্টা দিকে দৌঁড় দিছি।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মো. আলম।

অন্যদিকে, ভোর ৪টা ২৩ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় ফুটপাতে পড়ে থাকা দুটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় এবং মাত্র দুই মিনিটের ব্যবধানে ৪টা ২৫ মিনিটে দ্রুত স্থান ত্যাগ করে।

এছাড়া ভোর পৌনে ৬টায় ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী উঠানোর সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।

এতে আগুন ও ধোয়ায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় রেলওয়ে শ্রমিক দলের নেতারা সহযোগীতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম আগুন নিয়ন্ত্রনকারী পাউডার দিয়ে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, স্টেশনে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের সনাক্ত করা সম্ভব হয় নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদি জানান. এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরার ফুটজে সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা হচ্ছে। প্রতিটি ঘটনায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।